একজন ভিক্ষুর ন্যুনতম কী কী শিক্ষা করা উচিত?
ভিক্ষুর সাধারণত যেকোনো একজন গুরুর আশ্রয়ে পাঁচ বছর ধরে থাকতে হয়। পাঁচ বছর পরে যদি দক্ষ হয়, তাহলে সে গুরুর আশ্রয় ছাড়া স্বাধীনভাবে যেখানে খুশি থাকতে পারে। কিন্তু পাঁচ বছরেও দক্ষ না হলে যতকাল যাবত দক্ষ না হয় ততকাল গুরুর আশ্রয়ে থাকতে হয়। সারাজীবন দক্ষ না হলে সারাজীবন গুরুর আশ্রয়ে থাকতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে- ভিক্ষু কখন দক্ষ হয়?
ভিক্ষু হিসেবে ন্যুনতম শিক্ষণীয় বিষয়গুলো
*********************************************
ভিক্ষু হিসেবে দক্ষ হওয়ার জন্য তার নিম্নোক্ত বিষয়গুলো শিক্ষা করা উচিত-
১) তার কমপক্ষে দুই মাতিকা (ভিক্ষু ও ভিক্ষুণী পাতিমোক্খ) অর্থ সহকারে মুখস্থ করতে হয়।
২) উপোসথ দিনগুলোতে ধর্মদেশনার জন্য সুত্র থেকে চতুভাণৰার মুখস্থ করতে হয়। চতুভাণবার হচ্ছে মূল পরিত্রাণ সুত্রের সংগ্রহ যেটা আমি আগের পোস্টে উল্লেখ করেছি।
৩) ধর্মালাপ করার জন্য অন্তত অন্ধকৰিন্দ সুত্র অথবা মহারাহুলোৰাদ সুত্রের মতো কোনো সুত্র মুখস্থ করতে হয়।
৪) সঙ্ঘদান ইত্যাদি যেকোনো মাঙ্গলিক-অমাঙ্গলিক অনুষ্ঠানে অনুমোদনের জন্য তিন প্রকার অনুমোদন শিক্ষা করতে হয়। অর্থাৎ দানের সুফল সম্পর্কিত দেশনা শিক্ষা করতে হয়। নতুন বাড়িঘর ইত্যাদির মঙ্গল অনুষ্ঠানের জন্য মঙ্গলসুত্র ইত্যাদির দেশনা শিক্ষা করতে হয়। শ্রাদ্ধক্রিয়া ইত্যাদির ক্ষেত্রে তিরোকুট্ট সুত্র ইত্যাদির দেশনা শিক্ষা করতে হয়। এই হচ্ছে তিনপ্রকার অনুমোদন।
৫) উপোসথ, প্রবারণা সম্পর্কে জানতে হয়। সঙ্ঘকর্মগুলো বিস্তারিত জানতে হয় (এর জন্য পরিবার গ্রন্থের সর্বশেষ অধ্যায় পঞ্চবর্গের কর্মবর্গটি শিক্ষা করতে হয়)।
৬) ধ্যানসাধনার জন্য শমথ বা বিদর্শনের ধ্যানপদ্ধতি একদম অর্হত্বমার্গফল পর্যন্ত কীভাবে কী করতে হয় তা শিখে নিতে হয়। বিদর্শনের ধ্যানপদ্ধতি জানতে চাইলে চারিধাতু ভাবনা থেকে শিক্ষা শুরু করতে হয় বলে গণ্ঠিপদগুলোতে বলা হয়েছে।
পাঁচবর্ষা ভিক্ষু এগুলো জানলে সে তখন গুরুর আশ্রয়ে না থেকেও চলতে পারে। তখন সে চারদিকে যেখানে খুশি সেখানে যেতে পারে। যেখানে খুশি সেখানে স্বাধীনভাবে বসবাস করতে পারে।

No comments